বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) মরদেহ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই মোটরসাইকেলটি উদ্ধার করে।
পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের খুব কাছে থেকেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় আহমেদ শাহরিয়ার রেজা দীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন তাহসিফ। পরবর্তীতে তুরাগ নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার রহস্য উন্মোচনে বৃহস্পতিবার রাতে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
পিবিআই প্রধান জানান, দীপকে হেফাজতে নেওয়ার পর তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই প্রকাশ করা হয়নি। এদিকে, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি প্রকৃতপক্ষেই তাহসিফের কি না, তা নিশ্চিত হতে কাজ করছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply