চট্টগ্রামের খুলশী থানায় দায়ের করা দুটি পৃথক মামলায় শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাসহ ১৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে পাওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেছিলেন বগার ১২ সহযোগী। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী। আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত দিনে বগার ১২ সহযোগী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।
চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ জি এম মনিরুল হাসান এই আদেশ দেন। অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে থাকা প্রধান আসামি ওয়াকিল হোসেন বগাকে এদিন প্রোডাকশন ওয়ারেন্টের (পিডব্লিউ) মাধ্যমে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। জামিন শুনানি শেষে বিচারক বগাসহ ১৩ জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো অপর ১২ আসামি হলেন রকি হোসেন প্রকাশ পিচ্চি, মনির হোসেন ইমন, মো. শাকিল, আবুল হাসান প্রকাশ কালা হাসান, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, মো. নওশাদ, সোহেল প্রকাশ ব্লেড সোহেল, আবুল কাশেম (আবু কাশেম), রবিন হোসেন, সাকিব হাসান ও দেলোয়ার হোসেন জিসান। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী এবং সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদসহ অন্য আইনজীবীরা।
মামলার নথিপত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, খুলশী থানায় দায়ের করা ওই দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, সরকারি কাজে বাধা, মারধর, অনধিকার প্রবেশ, অপহরণ, চুরি, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের নতুন করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply