রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

দিনাজপুরের বিরামপুরের কল্যাণপুর গ্রামে বেহাল সড়ক : অরক্ষিত ঈদগাহ ও কবরস্থান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬৪ সময় দেখুন

মোঃ তাজ উদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি, ১১ অক্টোবর ২০২৬ইং ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দিনাজপুরের বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের কল্যাণপুর গ্রামটি দীর্ঘদিন ধরে সরকারি উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। রাস্তাঘাটের বেহাল দশা এবং অরক্ষিত ঈদগাহ মাঠের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন গ্রামবাসী। এই দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পেতে এবং জরুরিভিত্তিতে অবকাঠামোগত উন্নয়নের দাবিতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য বরাবর দুটি পৃথক স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

মরণফাঁদ কাঁচা রাস্তা:
গ্রামবাসীর দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় বাধা হলো যাতায়াতের একমাত্র মাধ্যম প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা মেঠোপথ। ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিণে প্রধান সড়ক থেকে শুরু হয়ে কল্যাণপুর উত্তরপাড়ার ওপর দিয়ে রামকৃষ্ণপুর স্কুল মাঠ সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার এবং আদিবাসীপাড়া পর্যন্ত আরও ৫০০ মিটার রাস্তা সম্পূর্ণ কাঁচা। এলাকার প্রায় ১,৮০০ মানুষের যাতায়াতের এই রাস্তায় সামান্য বৃষ্টিতেই কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বেহাল এই রাস্তার কারণে মুমূর্ষু রোগী বা গর্ভবতী মায়েদের জন্য কোনো অ্যাম্বুলেন্স গ্রামে প্রবেশ করতে পারে না। এমনকি অগ্নিকাণ্ডের মতো জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের গাড়ি আসারও কোনো পরিস্থিতি নেই, যার ফলে জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।

বর্ষাকালে রাস্তাটি এতোটাই কর্দমাক্ত হয় যে, সাইকেল বা পায়ে হেঁটে চলাচল করাও অসম্ভব হয়ে দাঁড়ায়। ফলে পোশাক নষ্ট হওয়ার ভয়ে কোমলমতি শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়।

এলাকাবাসী এই ৩ কিলোমিটার কাঁচা রাস্তাটি ড্রেনসহ সি.সি বা পাকাকরণের জোর দাবি জানিয়েছেন।

অরক্ষিত ঈদগাহ মাঠ ও কবরস্থানে নষ্ট হচ্ছে পবিত্রতা:
যাতায়াতের ভোগান্তির পাশাপাশি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নির্ধারিত ঈদগাহ মাঠটির অবস্থাও অত্যন্ত শোচনীয়। কল্যাণপুর উত্তর পাড়ার ১০ শতাংশ জায়গার ওপর অবস্থিত ঈদগাহ মাঠটিতে কোনো বাউন্ডারি ওয়াল, গেইট বা মিনার নেই। সীমানা প্রাচীর না থাকায় বিভিন্ন গবাদিপশু (গরু, ছাগল এমন কি শুকর ) অবাধে মাঠে প্রবেশ করে এবং মলমূত্র ত্যাগের মাধ্যমে পবিত্র স্থানটি অপবিত্র করে ফেলে। এছাড়া মাঠটি অসমতল থাকায় ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের চরম কষ্ট পোহাতে হয়। একটি খসড়া হিসাব অনুযায়ী, মাঠটিতে মাটি ভরাট, বাউন্ডারি ওয়াল, মিনার ও গেইট নির্মাণ করতে আনুমানিক ৭ লক্ষ টাকা প্রয়োজন। দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের শিকার কল্যাণপুরবাসী অবিলম্বে এই দুটি সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। কল্যাণপুর উত্তরপাড়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো: জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো: গোলাম হোসেনসহ গ্রামবাসীর বিনীত আবেদন, বিশেষ সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় এই অবহেলিত গ্রামটিতে দ্রুত উন্নয়নের ছোঁয়া লাগুক এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হোক।

এছাড়াও কল্যাণপুর উত্তরপাড়া কবরস্থানের বাউন্ডারি ওয়াল এবং গাইড ওয়ালের জন্যও মন্ত্রী মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর