রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের নিয়োগ করতে হবে : নোবিপ্রবি উপাচার্য

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৮ সময় দেখুন

ক্যাম্পাস প্রতিনিধি-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১১ অক্টোবর ২০২৬ইং ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক অস্থিরতা মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পুনর্বাসনে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের কার্যকর প্রয়োগ ও দক্ষ জনবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘লিভড এক্সপেরিয়েন্সেস টু মিনিংফুল চেঞ্জ: প্রমোটিং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস ইন মেন্টাল হেলথ’ শীর্ষক জাতীয় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CSWAB) এ সেমিনারের আয়োজন করে।

অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বর্তমান সমাজে শিশু-কিশোরসহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে নানা ধরনের সামাজিক ও মানসিক সংকট দেখা যাচ্ছে। এসব সংকট মোকাবিলায় শুধু আইন প্রয়োগ, চিকিৎসা কিংবা তাৎক্ষণিক সহায়তা যথেষ্ট নয়; সমস্যার অন্তর্নিহিত কারণ চিহ্নিত করা, পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মনোবিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ে দক্ষ জনবল তৈরি হচ্ছে। এই জনবলকে যথাযথভাবে কাজে লাগানো গেলে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ঝুঁকিপূর্ণ শিশু-কিশোরদের পুনর্বাসন এবং সামাজিক সমস্যার কার্যকর সমাধানে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। স্কুল-কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের কাজের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। নোবিপ্রবি উপাচার্য আরও বলেন, সমাজকর্ম বিষয়ে পেশাগত শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি এ বিষয়ে প্রশিক্ষিত গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের বিকাশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ পেশার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও সংকটাপন্ন জনগোষ্ঠীকে সেবা দেওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হতে পারে।

এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর করতে সমাজকর্ম বিষয়ে শিক্ষিত ও প্রশিক্ষিত গ্র্যাজুয়েটদের সমাজসেবা কর্মকর্তা হিসেবে নিয়োগের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। পাশাপাশি সমাজসেবা কর্মকর্তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং পদগুলোকে বিসিএস ক্যাডারভুক্ত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিদ্যমান জনবল ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সাইফুন নাহার। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CSWAB)-এর সভাপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম শাহীন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আখতার।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন মানসিক ও সামাজিক সংকট মোকাবিলায় সমস্যার গভীরে গিয়ে তার কারণ বিশ্লেষণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর ভুক্তভোগীকে উদ্ধার, চিকিৎসা বা তাৎক্ষণিক সহায়তা দেওয়ার পাশাপাশি ঘটনাটির পারিবারিক, সামাজিক ও মানসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা প্রয়োজন। কেন এ ধরনের ঘটনা ঘটছে এবং কীভাবে তা প্রতিরোধ করা যায়, তা চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, সামাজিক সমস্যার সমাধান কেবল আইন প্রয়োগ, হাসপাতাল বা চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর মাধ্যমে সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ, যার মধ্যে প্রতিরোধমূলক কার্যক্রম, মানসিক স্বাস্থ্যসেবা, পারিবারিক সহায়তা এবং সামাজিক পুনর্বাসন অন্তর্ভুক্ত থাকবে। এ ক্ষেত্রে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের মতো পেশাগত ক্ষেত্রকে কাজে লাগানোর যথেষ্ট সুযোগ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর