জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানি বিনিয়োগের ক্রমবর্ধমান নতুন সুযোগগুলোর কথা উল্লেখ করেন। তিনি বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উৎপাদন শিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানের আরও বিনিয়োগ প্রত্যাশা করেন। জেটরোর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার জাপানি কোম্পানিগুলোর জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হলে উভয় রাষ্ট্রই উপকৃত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর করার গুরুত্ব নিয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন। এছাড়াও বাংলাদেশের জনশক্তির দক্ষতা বৃদ্ধিতে জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিভিন্ন উদ্যোগের কারণে বর্তমানে জাপানি উদ্যোক্তাদের মধ্যে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে। বৈঠক শেষে জেটরোর প্রেসিডেন্টের আমন্ত্রণে আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান কাতাওকা সুসুমুকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a Reply