শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে অবরোধ : ট্রাকে আগুন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০১ সময় দেখুন

জাজিরা, ১৩ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। এতে বৃহস্পতিবার সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

 

আজ সকালে জাজিরার নাওডোবা এলাকায় দলটির স্থানীয় নেতাকর্মীরা অবস্থান নেন। একপর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

পুলিশ জানায়, অবরোধকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় দুটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করা হয়।

 

অবরোধের কারণে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার পর কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়েতে স্বাভাবিক চলাচল ব্যাহত রয়েছে। এতে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ‘সকাল থেকে সড়কের এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ট্রাকে আগুন দেয়।’ তিনি আরও জানান, আটকে থাকা যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পদ্মা সেতু পারাপারে সহায়তা করা হচ্ছে।

 

শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, ‘গতকাল ঢাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল। আজ পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। তাই আতঙ্কে সড়কে বাস চলাচল বন্ধ রেখেছি।’

 

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর