বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে ঢাকায় অফিসে না বসে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের অস্থায়ী অফিস করার নির্দেশ দিলেন উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫২ সময় দেখুন

ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, ০৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে নাজুক মহাসড়কটি পরিদর্শন করেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খাঁন। এ সময় তার সঙ্গে সড়ক সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খাঁন দীর্ঘ তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে যানজটে আটকা পড়ে অবশেষে মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে এসে নাজুক মহাসড়কটি পরিদর্শনে আসেন।

 

মহাসড়ক পরিদর্শন শেষে উপদেষ্টা ফাওজুল কবির জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে ঢাকায় অফিসে না বসে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়ে অবহেলা করলে বা অফিসে না পাওয়া গেলে তাদের সাসপেন্ড করা হবে।

 

তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের যে যানজট সৃষ্টি হচ্ছে ট্রাফিক বিভাগের গাফিলতির কারণে। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে এ সমস্যা সমাধান করার কথা জানান। তিনি আরও বলেন, ‘বিশ্ব রোড এলাকায় একটি উড়াল সেতু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের ডিজাইন প্রণয়নসহ সার্বিক বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

 

সড়কপথে যানজটের কারণে রেলপথে অতিরিক্ত চাপ বেড়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে।’

 

ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনের অংশ হিসেবে বুধবার (৮ অক্টোবর) সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে করে ভৈরবে আসেন। পরে সেখান থেকে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৌঁছান। পরে সকাল সোয়া ১০টায় তিনি আশুগঞ্জ হোটেল উজান ভাটি থেকে গাড়ি বহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এর মধ্যে আশুগঞ্জের সোহাগপুর, সোনারামপুর, সরাইলের বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়েন। পরে তিন ঘণ্টা আটকা থাকার পর আশুগঞ্জের বাহাদুরপুর থেকে প্রায় ৬ কিলোমিটার পথ মোটরসাইকেলে করে তিনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে পৌঁছান।

 

এ সময় তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হকসহ সড়ক সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর