গাজীপুর, ১৬ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (১৬ আগস্ট) সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই হচ্ছে দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশে বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর ফ্যাসিবাদের আগমন না ঘটে।
রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের লোকজন এখনও অনেক আছে। তারা বিপুল অর্থ ব্যয় করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলতে চাই, এভাবে কোনো পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন হয় না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও প্রফেসর লুৎফর রহমান।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply