শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সুনামগঞ্জের শাল্লায় কুকুরের তাণ্ডব : শিশু ও পরীক্ষার্থীসহ আহত ৯, এলাকায় আতঙ্ক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩১ সময় দেখুন

হাবিবুর রহমান হাবিব, শাল্লা উপজেলা (সুনামগঞ্জ), ০৮ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে একটি কুকুরের কামড়ে শিশু ও এসএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারের বিভিন্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে। কুকুরের এই আকস্মিক তাণ্ডবে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে একটি পাগলা কুকুর বাজারের পথচারীদের ওপর অতর্কিত হামলা শুরু করে। মানুষের পাশাপাশি কুকুরটি বেশ কয়েকটি গরু, ছাগল ও ভেড়াকেও কামড়ে আহত করেছে। আহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— স্থানীয় দর্জি রান্টু সরকার (৪৫), ৪ বছরের শিশু মোঃ হুসাইন মিয়া, এসএসসি পরীক্ষার্থী সাবিত্রী রাণী দাস এবং ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের লিপি রাণী (৪২)। বাকিরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

​এ বিষয়ে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রাজিব বিশ্বাস জানান, “হাসপাতালে বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আমাদের কাছে কুকুরের কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন (এআরভি) পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।”

​উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। জননিরাপত্তা রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি ইতোমধ্যে বাজার কমিটি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।”

​বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং পাগলা কুকুরটিকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর