হাবিবুর রহমান হাবিব, শাল্লা উপজেলা (সুনামগঞ্জ), ০৮ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে একটি কুকুরের কামড়ে শিশু ও এসএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারের বিভিন্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে। কুকুরের এই আকস্মিক তাণ্ডবে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে একটি পাগলা কুকুর বাজারের পথচারীদের ওপর অতর্কিত হামলা শুরু করে। মানুষের পাশাপাশি কুকুরটি বেশ কয়েকটি গরু, ছাগল ও ভেড়াকেও কামড়ে আহত করেছে। আহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— স্থানীয় দর্জি রান্টু সরকার (৪৫), ৪ বছরের শিশু মোঃ হুসাইন মিয়া, এসএসসি পরীক্ষার্থী সাবিত্রী রাণী দাস এবং ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের লিপি রাণী (৪২)। বাকিরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রাজিব বিশ্বাস জানান, “হাসপাতালে বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আমাদের কাছে কুকুরের কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন (এআরভি) পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। জননিরাপত্তা রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি ইতোমধ্যে বাজার কমিটি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।”
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং পাগলা কুকুরটিকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।