মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৩ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগের বিশেষ অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবারসকাল থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত পায়রা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পায়রা নদীর বাহেরচর, পশ্চিম আঙ্গারিয়া, আলগি, রাজাগঞ্জ ও চান্দখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, অভিযানে জব্দ করা কারেন্ট জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ রয়েছে।
Leave a Reply