ঢাকা, ১৭ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদের যৌথ আয়োজনে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে আয়োজিত ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬-এ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, আগামীতে নির্বাচিত সরকার এলেও সব সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হবে না।
মতিউর রহমান বলেন, আমাদের এই ভাবনা থাকা উচিত নয় যে, আগামী নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। অতীতেও হয়নি, ভবিষ্যতেও স্বয়ংক্রিয়ভাবে হবে না।
ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই যে সমবেত হওয়া, ঐক্য থাকা, ঐক্যবদ্ধ থাকা, একত্র হওয়া, একে অপরের পাশে থাকা, একে অপরের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সংহতি-সহানুভূতি জানানো, এটা খুবই জরুরি।
তিনি আরও বলেন, এটা আমাদের ভাবার কোনো কারণ নেই, আগামী সরকার, নির্বাচিত সরকার এলেই আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। অতীতেও হয়নি, এখনো হবে না।
সাংবাদিক শফিক রেহমানের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে প্রথম আলোর সম্পাদক বলেন, আমার ব্যক্তিগত জীবনের ৫৫ বছর, শফিক (শফিক রেহমান) ভাইয়ের জীবনের আরও অনেক বেশি বছর কোনো সরকার, কোনো সময় যায়নি যে আমাদের ওপরে কোনো না কোনোভাবে হয় ডিক্লারেশন বন্ধ…১৯৭৫ সালে তো সব পত্রিকা বন্ধ হয়ে গেল। একটা প্রথম বড় রকমের স্বৈরতান্ত্রিক পদক্ষেপ ছিল বাংলাদেশের কোনো এক সরকারের বা বিশেষ করে স্বাধীনতার পরের সরকারের পক্ষ থেকে। এটা মোটেও গ্রহণযোগ্য ছিল না। তার পরবর্তী সামরিক শাসন, গণতান্ত্রিক শাসন সব আমলেই আমাদের প্রায় একই রকম অভিজ্ঞতা ছোট, বড়, মাঝারি রকমের।
অতীতের কাজ নিয়ে অনেক বেশি আলোচনা করার সুযোগ আছে জানিয়ে মতিউর রহমান বলেন, অনেক দেরিতে হলেও এই তর্কগুলো, বিতর্কগুলো অনেক বিলম্ব হলেও এখন হচ্ছে এবং কিছু পরিবর্তনের লক্ষ্য আমরা দেখছি। আমরা কিছু উদ্যোগও নিচ্ছি এবং তার মধ্যে আজকের সমাবেশও একটা প্রধান লক্ষ্য।
Leave a Reply