বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

আট দফা দাবিতে রাঙামাটিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্লাস ও বোর্ড পরীক্ষা বর্জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭০ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৭ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ​” পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে ক্লাস ও বোর্ড পরীক্ষা বর্জন করে রাজপথে আন্দোলনে নেমেছেন রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

 

​আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য উচ্চশিক্ষার আসন বরাদ্দ করা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে প্রজ্ঞাপন জারি করা এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোতে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ করা।

 

​শিক্ষার্থীরা অভিযোগ করেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ডিপ্লোমা শেষ করার পর তাদের উচ্চশিক্ষার পথ অত্যন্ত সীমিত। এছাড়া কর্মক্ষেত্রেও তারা যথাযথ মর্যাদা পাচ্ছেন না। ‘ডিপ্লোমা কৃষিবিদ, এক হও লড়াই করো’— এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না এবং পরীক্ষা বর্জন অব্যাহত রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

 

​আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দাবিটি অত্যন্ত যৌক্তিক। পাশাপাশি ইনস্টিটিউটে জনবল সংকটের বিষয়টিও তারা তুলে ধরেন।

 

​উল্লেখ্য, বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে এই আন্দোলন চলছে। রাঙামাটিতে শিক্ষার্থীরা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর