শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

ডাকসুর ভিপির নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৬ সময় দেখুন

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধার মুখে পড়েছে ছাত্রজনতা। সোমবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। পরে অংশগ্রহণকারী ছাত্রজনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

 

বেলা ১টা ২০ মিনিটের দিকে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান আন্দোলনকারীরা। এরপর বেলা ১টা ২৩ মিনিটে হাইকোর্ট মাজারের সামনে পৌঁছালে আবারও পুলিশের বাধা দেওয়া হয়। সেখানেও ব্যারিকেড ভেঙে অগ্রসর হন তারা।

 

পরবর্তীতে বেলা ১টা ২৭ মিনিটের দিকে শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয় অভিমুখী সড়কে পৌঁছালে পুলিশ পুনরায় বাধা দেয়। এ সময় সড়কে অবস্থান নিয়ে ছাত্রজনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

 

পরে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বেলা ১টা ৪৫ মিনিটের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

 

এর আগে গতকাল রোববার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এই কর্মসূচির ডাক দেন। তিনি দাবি আদায়ে ছাত্রজনতাকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর