ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির সার্বিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। ওসমান হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শরিফ ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনীয় সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হওয়ার পর তাকে ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।
মেডিকেল বোর্ড জানায়, তার ফুসফুসে আঘাত রয়েছে। চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত বের হওয়ায় সেটি আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত আছে।
বিবৃতিতে আরও বলা হয়, শরিফ ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে এবং তা বজায় রাখতে নির্ধারিত ফ্লুইড ব্যালেন্স অনুসরণ করা হচ্ছে। আগে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যে অসামঞ্জস্যতা (ডিআইসি) দেখা গেলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান দেওয়া হচ্ছে।
ব্রেন স্টেম ইনজুরির কারণে তার রক্তচাপ ও হৃৎস্পন্দনে ওঠানামা দেখা যাচ্ছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হচ্ছে। হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার বসানোর জন্য সংশ্লিষ্ট টিম প্রস্তুত রয়েছে।
মেডিকেল বোর্ড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও সহায়ক কর্মীদের মানবিক ও পেশাদার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ ছাড়া রোগীর ভাই ও নিকটাত্মীয়দের মেডিকেল সামারি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। তারা চাইলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে বিষয়টি জানাতে পারেন বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করা, কোনো ধরনের ভিজিটর না আসা এবং অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে মেডিকেল বোর্ড।
মেডিকেল টিমের পক্ষ থেকে শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
Leave a Reply