ঢাকা, ২৯ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পুলিশ এন্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ) সংযুক্ত পুলিশ সুপার শাহ নূর আলম পাটওয়ারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাহ নূর আলম পাটওয়ারী, যিনি বর্তমানে এন্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত এবং পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন, তিনি ১৯ আগস্ট ২০২৪ থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি অনুসারে তাকে অসদাচরণ ও পলায়নের অপরাধে অভিযুক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, গতবছরের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন— রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহানুর আলম পাটোয়ারী। এই পাটোয়ারীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়ার পর স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চলছে। বর্তমানে পলাতক রয়েছে পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply