জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, রাজনীতি বর্তমানে একটি বিশেষ গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়ে পড়েছে। এর ফলে বিএনপি ও ছাত্রদলের বহু ত্যাগী নেতা-কর্মী এখন নির্যাতনের শিকার হচ্ছেন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগের কথা জানান।
নাহিদ ইসলাম নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের প্রসঙ্গ টেনে বলেন, তৎকালীন ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও শাকিল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর ১২ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন শাকিল। দীর্ঘ এই সময়ে প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি, অথচ তার মৃত্যুর পর এমপির ছেলের গ্রেপ্তারে তড়িঘড়ি করা হয়েছে। এই দায় এমপি এড়িয়ে যেতে পারেন না বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, পুরোনো ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামো এবং আইনশৃঙ্খলার বর্তমান নাজুক পরিস্থিতি চলতে থাকলে সবাইকেই ভুক্তভোগী হতে হবে। ক্ষমতাসীনরা মনে করেন এই ব্যবস্থা তাদের সুরক্ষা দেবে, কিন্তু ইতিহাস সাক্ষী এই সিস্টেম কাউকেই রেহাই দেয় না। সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের কর্মী, এমনকি সরকারি দলের রাজনীতি করেও মুক্তি পাওয়া সম্ভব নয়।
রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি নিরপেক্ষ ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্র কোনো মুষ্টিমেয় ব্যক্তির সম্পদ হতে পারে না। নেতারা কর্মীর লাশের মূল্য ২০ লাখ টাকা নির্ধারণ করার মতো হীন মানসিকতা থেকে বেরিয়ে আসুক। বিদেশ থেকে আসা এমপি-মন্ত্রীদের স্বজনদের কাছে সাধারণ কর্মীর ত্যাগের কোনো দাম নেই বলেও মন্তব্য করেন তিনি।
নিজের পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, আমরা একটি স্বাধীন বিচারব্যবস্থা ও দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রযন্ত্রের দাবি জানাই। অপরাধী যে-ই হোক, তার ক্ষমতা বা পরিচয় বিবেচনায় না নিয়ে রাষ্ট্রের বাহিনী যেন সঠিক সময়ে ইনসাফ নিশ্চিত করে। এছাড়া শাকিল হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এনসিপি আহ্বায়ক।
Leave a Reply