ঢাকা, ২৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর ২০২৫–২৬ অর্থবছরের দশম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা শুরু হয়। সভায় মন্ত্রিসভার সদস্য, পরিকল্পনা কমিশনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মোট ১৭টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে, যার প্রাক্কলিত ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা। এর মধ্যে আর্থসামাজিক অবকাঠামো খাতে ৪টি, কৃষি-পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান খাতে ২টি এবং ভৌত অবকাঠামো খাতে ১১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্পগুলোর মাধ্যমে সড়ক যোগাযোগ উন্নয়ন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণ এবং নগর সুবিধা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আঞ্চলিক সড়ক উন্নয়ন, গ্রামীণ পানিসম্পদ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, নতুন সেতু নির্মাণ এবং নগর অবকাঠামো উন্নয়নসহ একাধিক বড় প্রকল্প সভায় উপস্থাপন করা হয়। এসব প্রকল্প বাস্তবায়িত হলে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা জানান।
এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প একনেক সভায় অবগতির জন্য উপস্থাপন করা হয়। এগুলো বিভিন্ন খাতে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সংশোধিত পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত।
এর আগে ৬ এপ্রিল অনুষ্ঠিত একনেক সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ওই সভায় উপস্থাপিত ১৯টি প্রকল্পের মধ্যে সময় স্বল্পতার কারণে কিছু প্রকল্প স্থগিত রাখা হয়, যেগুলো এবার পুনরায় আলোচনায় আনা হয়েছে।
দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হলেও এবার তা সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে আয়োজন করা হয়েছে। প্রশাসনিক সুবিধা ও কার্যক্রম কেন্দ্রিক সমন্বয়ের জন্য এ পরিবর্তন আনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে অবকাঠামো ও কৃষি খাতে বিনিয়োগ দেশের টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply