ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তরকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের আরও এক হাজার মাদরাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে মাদ্রাসার কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে।
মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
ইতোমধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত একটি কমিটি মাদ্রাসার কারিকুলাম যুগোপযোগী করার এ কাজ শুরু করেছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি মাদ্রাসায় কারিগরি ট্রেড চালু করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপশি মাদ্রাসাসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ইতোমধ্যে ৫৪৮টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। আরও ১ হাজার মাদ্রাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে পুনরায় শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।
Leave a Reply