আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২২ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট) ধাপেরহাটে ডিজেলে ডুবে প্রাণ গেল আড়াই বছরের শিশুর। অসাবধানতাই মৃত্যুর কারণ বলে জানা গেছে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে ডিজেলে পড়ে গিয়ে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সামান্য অসতর্কতার কারণে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে ইউনিয়নের পালানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরাফ ওই গ্রামের বাবু মিয়ার একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির বারান্দায় খেলছিল শিশু আরাফ। পরিবারের অগোচরে সে বারান্দায় রাখা একটি কাটা প্লাস্টিকের ড্রামে পড়ে যায়, যেখানে ট্রাকের ট্যাংকি থেকে নামানো প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করা ছিল। ড্রামটি ঢেকে রাখা থাকলেও অসাবধানতাবশত শিশুটি তাতে পড়ে গিয়ে ডিজেল পান করে ফেলে।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ এপ্রিল) ভোর রাতে তার মৃত্যু হয়।
জানা গেছে, বাবু মিয়ার ট্রাকের ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় মেরামতের জন্য ট্যাংকির তেল বাড়ির বারান্দায় একটি কাটা ড্রামে সংরক্ষণ করা হয়েছিল। সেই অসতর্কতার সুযোগেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
শিশুটির মরদেহ বুধবার সকালে বাড়িতে আনা হলে পরিবারের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবারটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান একরামুল।
এই হৃদয়বিদারক ঘটনা আবারও মনে করিয়ে দেয়—শিশুরা অত্যন্ত কৌতূহলী। তাই বাড়িতে দাহ্য ও বিপজ্জনক পদার্থ সংরক্ষণে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। সামান্য অসতর্কতাই কেড়ে নিতে পারে একটি নিষ্পাপ প্রাণ।
Leave a Reply