বরিশাল, ১৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণতন্ত্রের ধারাবাহিকতাই বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে।
তিনি বলেন, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। আশা করি এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।
গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতন্ত্রের প্রতি মানুষের ঐকান্তিক আগ্রহ বেড়েছে, যা দেশকে এগিয়ে নেবে।
তিনি আরও বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্রজনতা ও সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। আমরা আশা করি, এদেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।
অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব।
এ সময় তিনি আরও মন্তব্য করেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার চেয়ে রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ বেশি দেখা যাচ্ছে। অতীতে যখন স্বৈরাচাররা মানুষের ওপর চেপে বসেছে, তখন ছাত্র-যুবকরাই রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। সেই দিক থেকে রাজনীতি একটি ইতিবাচক দিক, যা মানুষের সচেতনতা বাড়িয়েছে।
Leave a Reply