শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

দিনাজপুরে কান্তজিউ মেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনা : একই পরিবারের ৪ জন নিহত, ৫জন আহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ সময় দেখুন

দিনাজপুর, ২২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): দিনাজপুরে কান্তজীউ মেলায় যাওয়ার পথে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় পিষ্ট হয়ে অটোরিকশা যাত্রী একই পরিবারের নয়জন হতাহত হয়েছেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন।

 

আজ শনিবার (২২ নভেম্বর) বেলা সোয়া দুইটায় দিনাজপুর-দশমাইল মহাসড়কে নশিপুরস্থ বাংলাদের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন- দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের ইয়াকুবের স্ত্রী মর্জিনা (৫০), আমিনুল ইসলামের স্ত্রী তানজিমা পারভিন (৪০), আনোয়ার হোসেনের স্ত্রী সুমী (২৫) ও আবদুস সালামের স্ত্রী সাদিয়া বেগম (১৮)। তারা সবাই একে অপরের জা এবং ভাতিজি।

 

এ দুর্ঘটনায় আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান।

 

আহত মকবুল ইসলাম জানান, স্ত্রী, মা, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে তারা নয়জন অটোরিকশায় দিনাজপুর সদর থেকে কান্তনগর মেলার উদ্দেশ্যে রওনা হন। পথে দশ মাইলের অদূরে নশিপুরে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাস নাসির পরিবহন তাদের অটোরিকশাকে সামনে থেকে আঘাত করে এবং প্রায় ১০০ গজ ঠেলে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন তার নাতির অবস্থা গুরুতর।

 

প্রত্যক্ষদর্শী আলমগীর জানান, পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি যাত্রীসহ অটোরিকশাকে সামনে ঠেলে প্রায় ১০০ গজ নিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আর পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরো একজনের মৃত্যু হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মো. রেজাউল ইসলাম বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। তবে, অটোরিকশার অপর তিন যাত্রী ও চালক আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয়।

 

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান জানান, দুপুর ২টা ২২ মিনিটে সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনের মৃতদেহ উদ্ধার করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

 

দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ঘটনায় স্থানীয় জনতা দিনাজপুর-দশমাইল মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুই ধারে আটকা পড়ে অসংখ্য যানবাহন। চরম দুর্ভোগে পড়ে দূরপাল্লার যাত্রীরা।

 

এ রিপোর্ট লেখার সময় মহাসড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য স্থানীয় লোকজনকে আহবান জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করেছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর