আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৭ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলায় আরডিআরএস বাংলাদেশ-এর সীড প্রকল্পের উদ্যোগে আদিবাসী ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক একটি কর্মশালা ১৭ নভেম্বর, সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আদিবাসী বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকসহ মোট ৩৪ জন অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের প্রকল্প সমন্বয়কারী তামিম আহমেদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় উপজেলা কো-অর্ডিনেটর মিকাইল সরেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আদিবাসীদের দরিদ্র পরিবারের শিশুদের গুণগত মান সম্পন্ন শিক্ষা বিষয়ক কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন ।
বক্তারা শিক্ষার চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে শিশুদের মানসম্মত শিক্ষার জন্য সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “দেশ ও জাতির অগ্রগতির জন্য শিক্ষার বিকল্প নেই। শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করতে অভিভাবকদের পাশাপাশি সমাজের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসা জরুরি।”
এ সময় প্রোগ্রাম অফিসার (শিক্ষা) সুকমল তপ্য প্রতিষ্ঠানের মিশন, ভিশন ও চলমান কার্যক্রম উপস্থাপন করেন। তিনি জানান, সীড প্রকল্পের মাধ্যমে পীরগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে ২০২৪–২০২৮ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এসব ইউনিয়নের ১৪টি ওয়ার্ড ও ১৯টি গ্রামের ১,০০০টি দরিদ্র ও প্রান্তিক পরিবার—যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, শিশু, যুব ও কিশোর-কিশোরীরা অন্তর্ভুক্ত—উপকারভোগী হিসেবে চিহ্নিত।
সুকমল তপ্য আরও জানান, চাইল্ড ক্লাব বিশেষ শিক্ষা কার্যক্রম এর মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তা দেওয়া হচ্ছে, যা তাদের শিখন ঘাটতি দূর করে শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।
Leave a Reply