ঢাকা, ০২ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের ওপর হাত তুলে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা সংবাদ সম্মেলন বয়কট করেছেন।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাদের সফর সংক্রান্ত সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
গণমাধ্যমকর্মীরা জানান, ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন। এ সময় উপস্থিত এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। এক সাংবাদিক তাদের থামতে অনুরোধ করলে এনসিপি নেতাকর্মীরা চড়াও হন এবং সাংবাদিকদের লাঞ্ছিত করার চেষ্টা করেন। এই ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান।
উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন। তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
Leave a Reply