শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

র‍্যাব দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে : র‌্যাবের মহাপরিচালক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ সময় দেখুন

ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, চলমান দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সবার সমন্বিত তৎপরতায় খুব সুন্দরভাবে পূজা সম্পন্ন হবে।

 

র‍্যাব মহাপরিচালক বলেন, এ বছর সুন্দরভাবে দুর্গাপূজা সম্পন্ন করার লক্ষ্যে আমরা যাবতীয় আয়োজন করেছি। র‍্যাবের টহল বিভিন্ন জায়গায় মোতায়েন আছে, সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী তৎপর আছে। এছাড়া বিভিন্ন মণ্ডপে আমাদের টহল দলগুলো নিয়মিত ভিজিট করছে।

 

তিনি বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা দুর্গাপূজার ডিউটি পালন করছি।

 

পাশাপাশি র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারাদেশব্যাপী বিভিন্ন জেলায় পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারিদের সঙ্গে সমন্বয় করে এই দায়িত্ব পালন করছে। আমরা আশা করি দুর্গাপূজা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।

 

র‍্যাব ডিজি জানান, র‍্যাবের সাইবার টিম সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করছে, যাতে কোনভাবে কোন দুষ্কৃতকারী গুজব ছড়িয়ে উৎসবের আমেজ নষ্ট করতে না পারে।

 

এ সময় দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি অনুরোধ করব, দয়া করে কোন প্রকার গুজবে কান দেবেন না। যদি সোশ্যাল মিডিয়ায় কোন ধরনের খবর আসে সেটি যাচাই করার মত সময় আমাদের দেবেন। যদি ওই খবর মিথ্যা হয় তাহলে ওই গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। গুজবকারীরা যেন কোনভাবেই সফল না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।

 

তিনি বলেন, গতকাল থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এ পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে এবং প্রতিটি ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। সুতরাং আর কোন ঘটনা যেন না ঘটতে পারে সেজন্য আমরা সতর্ক আছি।

 

এ সময় পূজা উদযাপন কমিটির নেতাদের উদ্দেশ্যে র‍্যাব ডিজি বলেন, আপনারা সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপে ভলেন্টিয়ার রাখবেন, দিন-রাত ২৪ ঘণ্টা ভলেন্টিয়াররা যেন কর্মরত থাকে। এছাড়া রাতের বেলা পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

 

র‍্যাবের মহাপরিচালক আরও বলেন, পূজামণ্ডপে যেসব দর্শনার্থী আসবেন তারা যেন নির্বিঘ্নে আসতে পারেন সেদিকে আমরা লক্ষ্য রাখব। বিশেষ করে মা-বোন ও শিশুরা প্রচুর সংখ্যায় পূজামণ্ডপে আসে, তাদেরকে কেন্দ্র করে ইভটিজিং-এর ঘটনা যেন না ঘটে সেদিকেও আমরা সচেষ্ট আছি। আমরা আশা করছি সবাই মিলে এবারের উৎসবটি সুন্দরভাবে শেষ করতে সক্ষম হব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর