ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের রদবদল এনেছে সরকার। সচিব পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও রাষ্ট্রীয় সংস্থার নতুন দায়িত্বে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব জেতী প্রু। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে বদলি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর হিসেবে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে (সংযুক্ত) বদলি করা হয়েছে এবং একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে মোট ১০ কর্মকর্তার দায়িত্ব রদবদল করা হয়েছে, যার মধ্যে দুজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব এবং একজনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্য সাতজনকে সচিব বা সমমর্যাদার পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রশাসনিক নেতৃত্বে নতুন গতি সঞ্চার হবে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply