ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার বিকালে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান-এর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্রার্থীদের জয়ের পেছনে ‘তলেতলে আঁতাতের’খবর পাওয়া গেছে।
তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে আপনারা বলতে পারেন। আমি কিন্তু বলতে পারছি না। জামায়াতের এত ভোট কোত্থেকে এল, হিসাব মেলে না। গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি।’
আওয়ামী লীগ ও জামায়াতের ‘গোপন আঁতাতের’ অভিযোগ এনে বিএনপি নেতা বলেন, ‘বিভিন্ন দলের বৈঠকে বলা হয়—আওয়ামী লীগকে ঠেকাতে হবে। তারা আবার এলে কচুকাটা করে ফেলবে। অথচ ছাত্রলীগের ভোট তলেতলে ভাগ করে নিয়েছে জামায়াত। এটাই ষড়যন্ত্র।’
সম্প্রতি ৫ আগস্টের ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির লোকজন অত্যাচার করছে—এমন অপপ্রচার চালানো হচ্ছে। অথচ বিএনপির সঙ্গে মিশে থাকা আওয়ামী লীগের লোকেরাই এসব করছে। আবার আওয়ামী লীগ ও জামায়াত মিলে অপকর্ম করছে, সব দোষ গিয়ে পড়ছে বিএনপির ঘাড়ে।’
তিনি বলেন, ‘আমাদের ছেলেরা অনেক সময় আবেগে ভুল করে। কিন্তু নেতা তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন—চাঁদাবাজ, সন্ত্রাসীর বিএনপিতে জায়গা নেই। এখনই সংশোধন না হলে, ব্যবস্থা নেওয়া হবে।’
ডাকসুর নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘যেভাবেই হোক, তারা নির্বাচিত হয়েছে। আমরা চাই, এই কমিটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখুক। তাদের সিনিয়ররা যেন দেশকে ভুল পথে পরিচালিত না করতে পারে—সেদিকে নজর দিতে হবে।’
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান এবং প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।
Leave a Reply