রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী : সাথে ২৫ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩৪ সময় দেখুন

ঢাকা, ২১ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। মালয়েশিয়া সফর শেষে তিনি চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাবেন।

রোববার (২১ জুন) বিকেল পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য এবং দলের শীর্ষ নেতারা তাকে বিদায় জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ২৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন আটজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা।

সফরসঙ্গীদের মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, পররাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদও প্রতিনিধি দলে রয়েছেন।

দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার) তানভীর গণি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, অনিয়মিত কর্মীদের বৈধতা প্রদান, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা খাতে সহযোগিতা এবং নতুন বিনিয়োগ আকর্ষণের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

দুই দিনের মালয়েশিয়া সফর শেষে সোমবার (২২ জুন) দুপুরে চীনের বন্দরনগরী দালিয়ানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত তিনি চীন সফর করবেন।

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুয়ালালামপুর সেজেছে বর্ণিল সাজে। শহরের রাজপথে দুই দেশের জাতীয় পতাকা শোভা পাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর