সিলেট, ২১ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ রোববার (২১ মে) সাদাপাথর পানিতে তলিয়ে যাওয়ায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন পর্যটকবাহী নৌ চলাচল ও পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করেছে। বিষযটি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
উপজেলা প্রশাসন জানায়, পাহাড়ি ঢলের কারণে পর্যটনকেন্দ্রের আশপাশের দোকানপাট পানিতে তলিয়ে গেছে এবং পুরো এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় আপাতত সাদাপাথরে যাতায়াত বন্ধ রাখা হয়েছে।
এছাড়া দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আবহাওয়ার উন্নতি ঘটলেই পর্যটন কেন্দ্রটি আবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সাদাপাথর পর্যটন কেন্দ্রের পুরো এলাকা পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ইতিমধ্যে একটি নোটিশ জারি করে পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সাদাপাথর এলাকায় যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পর্যটকদের স্পষ্টভাবে অনুরোধ জানানো হয়েছে, এই মুহূর্তে কেউ যেন সেখানে যাওয়ার পরিকল্পনা না করেন।
পরিস্থিতি স্বাভাবিক এবং পানি কমে এলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী পর্যটন কেন্দ্রটি আবার খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। আপাতত দুর্ঘটনা এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সেখানে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান ইউএনও।
Leave a Reply