রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে এবং বিচার কার্যক্রমে কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩৯ সময় দেখুন

ঢাকা, ২০ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (২০ জুন) সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে এবং বিচার কার্যক্রমে কোনো রাজনৈতিক চাপ নেই।

তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের প্রায় তিন মাসে কোনো মামলায় কারও পক্ষে বা বিপক্ষে কাজ করার জন্য রাজনৈতিক চাপ, প্রত্যাশা বা নির্দেশনা পাননি। সরকারের প্রত্যাশা হচ্ছে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।’

২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলির বিচার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অপরাধের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও আপিল নিষ্পত্তির মাধ্যমে জনগণের কাছে ন্যায়বিচার দৃশ্যমান করতে হবে। অন্যথায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা তৈরি হবে না।’

তিনি আরো বলেন, ‘অপরাধ সংঘটিত হলে রাষ্ট্র দ্রুত ব্যবস্থা নেবে, দোষীদের চিহ্নিত করবে এবং বিচারের মুখোমুখি করবে। জনগণকে বিচার প্রক্রিয়ার চূড়ান্ত ফল দেখতে দিতে হবে।’

মামলার জট নিরসনে প্রচলিত ব্যবস্থার সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘বিচারক সংকট, দক্ষতার ঘাটতি এবং অতীতের নানা রাজনৈতিক প্রভাবের কারণে বিপুলসংখ্যক মামলা অনিষ্পন্ন রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ উদ্যোগ প্রয়োজন।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির গঠিত বিশেষ বেঞ্চের প্রশংসা করে তিনি বলেন, ‘দীর্ঘদিন ফাঁসির দণ্ড মাথায় নিয়ে থাকা আসামিদেরও দ্রুত বিচার পাওয়ার অধিকার রয়েছে।’

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে তিনি জানান, বিষয়টি প্রধান বিচারপতির কাছে উত্থাপন করেছেন। সাংবাদিকদের জন্য বিশেষ পাস, কার্ড বা নির্দিষ্ট ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করা হতে পারে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট বিটের সাংবাদিকরা অভিজ্ঞ। তবে বিচারাধীন মামলার শুনানিকালে বিচারক বা আইনজীবীদের অন্তর্বর্তী মন্তব্য অনেক সময় প্রেক্ষাপট ছাড়া প্রচারিত হয়ে বিভ্রান্তি তৈরি করে। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।’

সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিচার যেন আদালতে হয়, গণমাধ্যমে নয়। সাংবাদিকদের দায়িত্ব হলো তথ্যনির্ভর ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরির ঝুঁকির কথাও উল্লেখ করেন তিনি। জনগণকে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন তা সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না। প্রকৃত সত্য যাচাই করুন।’

বক্তব্যের একপর্যায়ে তিনি সুপ্রিম কোর্টে আদেশ ও নথি জালিয়াতির বিভিন্ন ঘটনার উল্লেখ করে বলেন, এসব অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আইনজীবীদের টিকটক বা বিজ্ঞাপনের মাধ্যমে পেশাগত আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও সতর্ক করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর