ঢাকা, ১৫ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) জানিয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। এতে বলা হয়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তি সংযোজনের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সব যানবাহনে জিপিএস ডিভাইস চালু রাখতে হবে।
বিআরটিএ আরও জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন বিআরটিএর স্থানীয় কার্যালয় এবং ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযুক্ত আছে কি না তা যাচাইয়ের পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।
Leave a Reply