সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে তলিয়ে রবি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪৩ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৩ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকি উপজেলায় কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে রবি মৌসুমের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমি পানিতে তলিয়ে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুগ, মরিচ, তিল, চিনাবাদামসহ বিভিন্ন ফসলের চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঝড়-বৃষ্টিতে উপজেলার মোট ৫ হাজার ১২৪ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মুগ ডালের ৪ হাজার ২২২ হেক্টর জমির মধ্যে প্রায় ১ হাজার ৬৮৯ হেক্টর ক্ষতির মুখে পড়েছে, যা মোট আবাদি জমির ৪০ শতাংশ। এছাড়া মরিচের ১৬৮ হেক্টরের মধ্যে ৫০ দশমিক ৪ হেক্টর, চিনাবাদামের ১২৪ হেক্টরের মধ্যে ৮৭ হেক্টর, ফেলনের ৪১ হেক্টরের মধ্যে ১৬ দশমিক ৪ হেক্টর এবং শিমজাতীয় ফসলের ১১০ হেক্টরের মধ্যে ২৭ দশমিক ৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া পেঁপে, কলা, পান, পাট, পেঁয়াজ, ডালজাতীয় সবজি ও গ্রীষ্মকালীন শাকসবজিরও আংশিক ক্ষতি হয়েছে। অনেক জমিতে পানি জমে থাকায় কৃষকরা সময়মতো ফসল তুলতে পারেননি। ফলে ক্ষেতেই নষ্ট হচ্ছে পরিপক্ব ফসল।

উপজেলার লেবুখালী এলাকার কৃষক আব্দুল করিম বলেন, “মুগ ডাল কাটার উপযুক্ত হয়েছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি আর ঝড়ে জমিতে পানি উঠে গেছে। এখন ফসল তুলতে না পারলে সব শেষ হয়ে যাবে।”

আরেক কৃষক নুর ইসলাম জানান, মরিচ ও চিনাবাদামের ক্ষেত পানির নিচে চলে যাওয়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন বলেন, টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় রবি ফসলের কিছু ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি জমির পানি দ্রুত নামানো এবং রোগবালাই প্রতিরোধে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত সরকারি সহায়তা ও প্রণোদনা না পেলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন না। হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে ফসলহানিতে উপজেলার কৃষকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর