মোঃ নাঈম সরকার রিফাত, দাউদকান্দি উপজেলা প্রতিনিধি (কুমিল্লা), ২৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): উপজেলার একটি জ্বালানি তেল পাম্পে বর্তমানে অকটেন, পেট্রোল ও ডিজেলসহ সব ধরনের জ্বালানির সীমিত সরবরাহের কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্ধারিত সময়ে পাম্পটি খোলা থাকলেও প্রতিজন গ্রাহককে সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল দেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, তেল নেওয়ার সময় শুরু হওয়ার আগেই পাম্প এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনের চালকরা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন। বিকাল ৩টা বাজতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যেই পুরো এলাকা ভিড়ে ঠাসা হয়ে পড়ে।
চালকদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন না। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে তাদের দৈনন্দিন কাজ, বিশেষ করে অফিস যাতায়াত, পরিবহন ও ডেলিভারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
একজন চালক বলেন, “সারাদিন দাঁড়িয়ে থাকলেও ৫০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। এতে গাড়ি চালানো খুব কষ্ট হয়ে গেছে।”
পাম্প কর্তৃপক্ষ জানায়, বর্তমান সময়ে জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় সবার মধ্যে সমভাবে বণ্টন করার জন্য এই সীমা নির্ধারণ করা হয়েছে। অকটেন, পেট্রোল ও ডিজেল—সব ধরনের জ্বালানির ক্ষেত্রেই একই নিয়ম চালু রয়েছে।
তারা আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে।
স্থানীয়দের মতে, এভাবে সীমিত সরবরাহ চলতে থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে জরুরি যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
সচেতন মহল দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসে এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে।
Leave a Reply