উল্লাপাড়া (সিরাজগঞ্জ), ১৮ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কলহের জেরে শাহিদা খাতুন (১৯) নামে এক গৃহবধূকে কিল-ঘুষিতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার ঘাটিনা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বামী অন্তরা কোন্দের সঙ্গে শাহিদার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শাহিদা খাতুন বেলকুচি উপজেলার আজগড়া জামতৈল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। প্রায় এক বছর আগে ঘাটিনা এলাকার আকবর আলীর ছেলে অন্তরা কোন্দের সঙ্গে তার বিয়ে হয়।
পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের টাকা দাবি করে আসছিল স্বামীর পরিবার। টাকা না পেয়ে বিভিন্ন সময় শাহিদাকে শারীরিক নির্যাতন করা হতো।
ঘটনার পর থেকেই স্বামীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপকর জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শনিবার রাত ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Leave a Reply