শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

গভীর রাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রার ভূমিকম্প

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৪ সময় দেখুন

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভূমিকম্প যেন থামছেই না, একের এক সবকিছু কাঁপিয়ে দিচ্ছে। আবারও মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের উৎপত্তি হয়, যার মাত্রা ছিল ৪.০।

 

ভূকম্পনবিষয়ক আন্তর্জাতিক সাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে কম্পন খুবই অল্পমাত্রার হওয়ায় বেশিরভাগ মানুষ তা অনুভব করেননি। ভূমিকম্পটির গভীরতা সম্পর্কে তথ্য না দিলেও ইউরোপীয় ভূকম্পন সংস্থা ইএমএসসি জানিয়েছে, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।

 

এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই ছিল অন্যতম তীব্র কম্পন, যা মুহূর্তে আতঙ্ক ছড়ায় পুরো শহরে। বহু মানুষ তড়িঘড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। বহুতল ভবনের সিঁড়িতে এবং নিচে নামার পথে ছুটোছুটি শুরু হয়। বাসাবাড়ি, অফিস ও বাজার এলাকাজুড়ে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।

 

সেদিন নরসিংদী অঞ্চলে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং কয়েকশ মানুষ আহত হন। ভবনগুলোর দেয়ালে ফাটল দেখা যায়, অনেকে আহত হন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে। ভূমিকম্পের প্রভাব দেশের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চল জুড়ে অনুভূত হয়।

 

সাম্প্রতিক কম্পনগুলোর ধারাবাহিকতা ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদেরও ভাবাচ্ছে। তারা বলছেন, টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে এ অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি বেড়ে যাচ্ছে, ফলে সতর্কতা এবং প্রস্তুতি জোরদারের প্রয়োজনীয়তা আরও বেড়ে গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর