ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির বলেছেন, গত ৩০ বছরের মধ্যে দেশে সবচেয়ে বড় ভূমিকম্প এটি। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে।
তিনি এই ভূমিকম্পের শক্তিমত্তা নিয়ে দিয়েছেন ভয়াবহ এক তথ্যও। তিনি বলেছেন, এক ভয়াবহ হিরোসিমা, নাগাসাকিতে ফেলা একটি বোমা যে শক্তি রিলিজ করে, আজকের ভূমিকম্প সেই মাত্রার শক্তি রিলিজ করেছে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ।
ভূকম্পনের এই ঘটনায় সারাদেশে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বংশাল থানার ডিউটি অফিসার জানান, কসাইতলীতে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারি নিহত হন। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) রয়েছে।
অপরদিকে নারায়ণঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ এর আশপাশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কলকাতা মহানগরীর পাশাপাশি এর আশপাশের এলাকার বাসিন্দারাও হালকা কম্পন অনুভব করেছেন।
Leave a Reply