বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন

রাজনৈতিকভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজনের চেষ্টা চলছে, যা অত্যন্ত দুঃখজনক : রিজভী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৬৭ সময় দেখুন

ঢাকা, ০১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার রাজধানীর পল্টনে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, যারা ফ্যাসিস্ট অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন মেনে নিতে পারছে না, তারাই পরিকল্পিতভাবে দুর্গাপূজার সময় পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তিনি বলেন, রাজনৈতিকভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজনের চেষ্টা চলছে, যা অত্যন্ত দুঃখজনক।

 

রিজভী দাবি করেন, দুর্গাপূজাকে নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ থেকে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। তিনি বলেন, “যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য হিন্দু-মুসলমান সবাই এক হয়ে কাজ করার শপথ নিয়েছে। আমরা চারদিক থেকে চেষ্টা করছি যেন এই উৎসবটি উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হয়।”

 

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূজাকে কেন্দ্র করে সতর্কভাবে দায়িত্ব পালন করছেন।

 

“আমরা নিশ্চিত করছি যেন কেউ পূজাকে কেন্দ্র করে কোনো নাশকতা বা রাজনৈতিক অপতৎপরতা চালাতে না পারে। বাংলাদেশের মুখমণ্ডল যেন কেউ কলঙ্কিত করতে না পারে, সে জন্য সবাই সতর্ক রয়েছে,” — বলেন রিজভী।

 

বিএনপির এই মুখপাত্র বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলমান এক হয়ে লড়াই করেছে। ৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমরা একসঙ্গে ছিলাম। আজও সেই ঐক্যের ধারাবাহিকতায় আমাদের সবাইকে কাজ করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়।”

 

রিজভী সকল রাজনৈতিক দল ও নাগরিকদের প্রতি আহ্বান জানান—দেশের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে।

 

এসময় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা জয়দেব, ডা:জাহিদুল কবির, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর