মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

হুতিদের হামলার মুখে ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ স্থগিত করল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৭ সময় দেখুন

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের তীব্র হামলার মুখে সৌদি আরবের আলোচিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) সম্মেলন আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ হিসেবে পরিচিত এই বৈশ্বিক সম্মেলনটি ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সৌদি কর্তৃপক্ষ সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে। আয়োজক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বছরের নতুন তারিখ খুব শিগগিরই জানানো হবে। অফিশিয়াল ওয়েবসাইটের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, এটি সম্মেলনের ঐতিহাসিক দশম আসর হওয়ায় আয়োজকরা এর মান ও প্রভাব নিয়ে আপস করতে চান না। প্রত্যাশিত মান নিশ্চিত করতেই এমন বিরতি প্রয়োজন। তিনি বলেন, যেহেতু এটি আমাদের ঐতিহাসিক দশম আসর, তাই আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের কমিউনিটি যেমনটি প্রত্যাশা করে এবং তাদের যা প্রাপ্য, ঠিক সেই মাত্রার অসাধারণ মান ও প্রভাব যেন এই আয়োজনে থাকে।

সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আদলে আয়োজিত এই সম্মেলনে বিশ্বনেতা ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের সমাগম ঘটে। এবারের আসরে অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকসের সিইও ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের সিইও লরেন্স ফিঙ্কের মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের বক্তা হিসেবে থাকার কথা ছিল। মূলত জ্বালানি নির্ভরতা কাটিয়ে পর্যটন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যেতে এই সম্মেলনের মাধ্যমে বিপুল বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করে সৌদি আরব।

সাম্প্রতিক সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনের আনসারাল্লাহ বা হুতিদের মধ্যে সংঘাত নতুন করে দানা বেঁধেছে। রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন সামরিক, জ্বালানি ও বেসামরিক স্থাপনায় হুতিরা ধারাবাহিক হামলা চালিয়েছে। ভয়াবহ এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এই নিরাপত্তা ঝুঁকিই শেষ পর্যন্ত বৃহৎ এই বিনিয়োগ সম্মেলন বাতিলের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর