সব ধর্মের মানুষের সম্মিলিত ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সকল ধর্মাবলম্বী মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তারেক রহমান উল্লেখ করেন, সরকার ইতোমধ্যে কৃষকদের কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করেছে। এর পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সমাজের প্রতিটি শ্রেণি এবং প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য। কৃষক কার্ড ইনশাআল্লাহ চালু করে ফেলেছি।
শারদীয় দুর্গাপূজার উৎসবের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবার। দেশের এই বৈচিত্র্যময় সম্প্রীতিকে পুঁজি করে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি জিজ্ঞেস করেন, সবাই তার সঙ্গে আছেন কি না; তখন সমবেত জনতা হাত তুলে সম্মতি জানান। প্রধানমন্ত্রী বলেন, আমাদের আজকের অঙ্গীকার হোক যে, সব ধর্মের মানুষ মিলে পরিশ্রমের মাধ্যমে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেব। প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে আমার প্রতিজ্ঞা হবো—মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান যারা আমরা আছি এই বাংলাদেশে, এই দেশ আমাদের। বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের যে মানুষ আছেন, তাদের একটি উৎসব আজকে—শারদীয় দুর্গাপুজা উৎসব। এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে আমরা সকলে মিলে পরিশ্রম করে গড়ে তুলবো প্রত্যাশিত বাংলাদেশ।
Leave a Reply