হেলথ ডেস্ক, ৩১ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৯৭ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি (২৮৩ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮২ জন ছাড়াও ঢাকা বিভাগে ১৫৯, বরিশাল বিভাগে ১৩২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৩, চট্টগ্রাম বিভাগে ১২০, রাজশাহী বিভাগে ৮৭, ময়মনসিংহ বিভাগে ৬৯, রংপুর বিভাগে ৭ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৪৯ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৮ জন ছাড়াও বরিশাল বিভাগে ৯, ময়মনসিংহ বিভাগে ৯, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply