শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

১০ সদস্যের ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২১ সময় দেখুন

ঢাকা, ২৭ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া প্রস্তাব পরীক্ষা ও সুপারিশ দেওয়ার জন্য ১০ সদস্যের ‘জাতীয় পুরস্কারসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। একই সঙ্গে এ-সংক্রান্ত ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি জারি করা আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে। কমিটির সদস্য হিসেবে থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী কমিটির সদস্য থাকবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পুরস্কারের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া প্রস্তাব পরীক্ষা করা হবে এই কমিটিতে। পাশাপাশি বিভিন্ন জাতীয় পুরস্কার আনুষ্ঠানিকভাবে দেওয়ার বিষয়ে পরিকল্পনা ও সুপারিশ করা, নতুন জাতীয় পুরস্কারের প্রয়োজনীয়তা যাচাই এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়াও কমিটির দায়িত্বের মধ্যে থাকবে।

কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক সহায়তা নিশ্চিত করার বিষয়টিও কার্যপরিধিতে রাখা হয়েছে।

এদিকে কমিটিকে প্রয়োজনীয় সহায়তা দিতে মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে নয় সদস্যের একটি সচিবালয় গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, তথ্য ও সম্প্রচারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সদস্য করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি জাতীয় পুরস্কারসংক্রান্ত কমিটি গঠন করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর