শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

মাদক ব্যবসা না ছাড়লে যদি গর্তে পড়েন, তবে সেখান থেকে উদ্ধার করার মতো কেউ থাকবে না : পানিসম্পদ মন্ত্রী 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩১ সময় দেখুন

লক্ষ্মীপুর, ০৩ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের কুশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাদক ব্যবসা না ছাড়লে যদি গর্তে পড়েন, তবে সেখান থেকে উদ্ধার করার মতো কেউ থাকবে না।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে ধারাবাহিকভাবে মাদক সিন্ডিকেট তৈরি করা হয়েছে। এখন যদি বিএনপির কেউ সেই মাদক ব্যবসা বা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তবে তার কোনো রক্ষা নাই। মাদকের ব্যবসা করে কিছু সাময়িক প্রভাবশালী লোক। তারা যদি নিজেদের অনেক বড় কিছু মনে করে থাকে, তবে তা ভুল। এই পথ ছেড়ে ভালো হয়ে যান। না ছাড়লে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়লে আপনাদের তদবির করার কোনো লোক থাকবে না।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। তাদের কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। থানার ওসিদের স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, মাদকের বিষয়ে তারা যেন কোনো ধরনের সুপারিশ বা তদবির না শোনেন। প্রশাসনের কাজ প্রশাসনের গতিতে চলবে এবং রাজনীতির কাজ রাজনীতির গতিতে চলবে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা জনগণের শান্তিপূর্ণ জীবনযাপনের জন্যই দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছি। এখন যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা না হয়, তবে আর কবে হবে?

নারীদের উদ্দেশ্যে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, নারীদের স্বাবলম্বী ও সুরক্ষিত করতে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে। এই অর্থ দিয়ে নারীরা একদিকে যেমন তাদের প্রয়োজনীয় পারিবারিক খরচ মেটাচ্ছেন, অন্যদিকে সঞ্চয়ও করতে পারছেন।

কুশাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর