মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ৩০ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন নগরকান্দা রিপোর্টার্স ক্লাব-এর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) আনুষ্ঠানিকভাবে এ কমিটির আত্মপ্রকাশ করা হয়। নবগঠিত কমিটিতে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার নগরকান্দা উপজেলা প্রতিনিধিঃ গোলাম মোস্তফাকে আহ্বায়ক এবং দৈনিক মুক্তখবর পত্রিকার প্রতিনিধিঃ মো. রুবেল চোকদারকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনকে নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সাংবাদিকরা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সমাজের সমস্যা, সম্ভাবনা, অনিয়ম, দুর্নীতি এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে নগরকান্দার মানুষের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে নগরকান্দা রিপোর্টার্স ক্লাব অঙ্গীকারবদ্ধ থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা সংগঠনের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা নগরকান্দাকে একটি আধুনিক, উন্নয়নমুখী ও সম্ভাবনাময় উপজেলা হিসেবে দেশব্যাপী তুলে ধরতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই বলে মত প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
Leave a Reply