ঢাকা, ২৭ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) মো. ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই আদেশে পুলিশের বিভিন্ন ইউনিটের আরও ২০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এর আগে ৪ জুন হাইওয়ে পুলিশের তৎকালীন প্রধান মো. দেলোয়ার হোসেন মিঞা অবসরে যান। এদিন তাকে পদোন্নতি দিয়ে গ্রেড-১ করা হয়। দেলোয়ার হোসেন অবসরে যাওয়ার পর পদবি এতোদিন ফাঁকা ছিল। ফারুক আহমেদ তাঁরই স্থলাভিষিক্ত হলেন।
জানা গেছে, ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।
বগুড়ায় বাড়ি হওয়ায় রাজনৈতিক বিবেচনায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছিল। ২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে তাকে সেখান থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের মধ্যে তিনি পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) দায়িত্ব পালন করেন। সেখানে তিনি প্রশাসনিক কাজে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন।
তবে অন্তর্বতীকালীন সরকারের আমলে দায়িত্ব পালনকালে ফারুক আহমেদ ওই সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ্ চৌধুরীর রোষানলে পড়েন। পরে ফারুকে বদলি করে র্যাবে পাঠানো হয়।
গত ৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফারুক আহমেদসহ পুলিশের পাঁচ ডিআইজিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করে। এরপর তিনদিন পর ৭ জুন তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
এদিকে পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তার মধ্যে চারজনকে পদায়ন করা হলেও ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল করিম মল্লিককে পদায়ন করা হয়। তাঁর চাকরির মেয়াদ আগামী ৩০ জুন (মঙ্গলবার) শেষ হচ্ছে। সূত্র বলছে, আর মাত্র একদিন পর তিনি অবসরে যাবেন, একারণে রেজাউল করিম মল্লিককে অতিরিক্ত আইজিপি হিসেবে নতুন কোনো দায়িত্বে পদায়ন করা হয়নি।
Leave a Reply