বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

আগামী দুই দিনে ঢাকার ১৪টি নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান : মাহদী আমিন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ সময় দেখুন

ঢাকা, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ পর্যায়ে আগামী দুই দিন রাজধানীতে ১৪টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার (৮ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তরে ছয়টি এবং পরদিন নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনসহ মহানগর দক্ষিণের আটটি জনসভায় অংশ নেবেন তিনি।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বিএনপির চেয়ারম্যানের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন নির্বাচনী আসনে জনসভার সূচি তুলে ধরেন।

মাহদী আমিন বলেন, বিএনপির চেয়ারম্যান আগামীকাল রোববার ঢাকা-১৭ আসনে তার নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে দুপুর ২টায়, ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনী এলাকায় পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রো স্টেশনের পাশে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী এলাকায় মিরপুর-১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বেলা সাড়ে তিনটায়, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী এলাকায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে (মিরপুর মডেল থানার বিপরীতে) বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনী এলাকায় বাড্ডার সাঁতারকুলের সানভ্যালী মাঠে সন্ধ্যা ৬টায় বক্তব্য দেবেন।

পরের দিনের জনসভার সূচি সম্পর্কে মাহদী আমিন বলেন, সোমবার তারেক রহমান তার নিজের নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের আটটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

সোমবার সকাল ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে, দুপুর ১২টায় ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনী এলাকায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, দুপুর ১টায় ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায় পীর জঙ্গি মাজার রোডে, বেলা ২টায় ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে এবং এরপর ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান।

এ ছাড়া যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর তিনটায়, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকায় জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনী এলাকায় ধূপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নেওয়া হবে। এর আগে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর