রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারঝড়ে ব্যাপক বিপর্যয় : লাখো মানুষ অন্ধকারে, ১৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২০৮ সময় দেখুন

মোহাম্মাদ নাদের-যুক্তরাষ্ট্র প্রতিনিধি (ইউএসএ), ২৫ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারঝড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ের কারণে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে লাখো মানুষ অন্ধকারে রয়েছেন। একই সঙ্গে বরফে ঢেকে যাওয়ায় প্রধান সড়কগুলো প্রায় অচল হয়ে পড়েছে। খবর এপি’র।

নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। সংস্থাটি সতর্ক করে জানায়, শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও হিমবৃষ্টি হতে পারে এবং তীব্র শীত কয়েক দিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

ঝড়ের কারণে দেশজুড়ে ভ্রমণ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, শনিবার ও রোববার মিলিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ১৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ডালাস-ফোর্ট ওয়ার্থ, শিকাগো, আটলান্টা, ওকলাহোমা সিটি ও ওয়াশিংটনের প্রধান বিমানবন্দরগুলোতে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। অনেক বিমানবন্দরে শনিবারের সব ফ্লাইটই বন্ধ রাখা হয়।

পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত ১২টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) আগেভাগেই ত্রাণসামগ্রী, উদ্ধারকারী দল ও জরুরি কর্মী মোতায়েন করেছে। কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে আহ্বান জানিয়েছে।

এদিকে বরফের ভারে গাছ ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় টেক্সাস ও লুইসিয়ানাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। জর্জিয়ার কর্মকর্তারা একে গত এক দশকের সবচেয়ে বড় বরফঝড়গুলোর একটি বলে উল্লেখ করে বাসিন্দাদের অন্তত ৪৮ ঘণ্টা ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।

ঝড়ের প্রভাব আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর