মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

ইসিতে আপিল করে ৪১৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ সময় দেখুন

ঢাকা, ১৯ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির কার্যক্রম গত রবিবার শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে মোট ৪১৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে শেষ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পান ২০ জন। তবে একই দিনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

 

রবিবার নির্বাচন ভবনে টানা ৯ দিনের আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি। তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে আমরা কোনো পক্ষপাত করিনি। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টিও আমরা শিথিল করেছি। আমরা চাই সবাই অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হোক।”

 

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্তে পক্ষপাতিত্ব ছিল না এবং ভবিষ্যতেও সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

 

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আইনের কারণে ঋণখেলাপি কয়েকজন প্রার্থীকে ছাড় দিতে হয়েছে, তবে তা আমরা মনঃকষ্ট নিয়েই করেছি।”

 

বিএনপির দুই প্রার্থীর প্রার্থিতা বাতিল

আপিল শুনানি শেষে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর এবং কুমিল্লা-১০ আসনে দলটির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। এর আগে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছিল।

 

ইসি সূত্র জানায়, ঋণখেলাপি হওয়ায় সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করা হয়। অন্যদিকে, দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে কুমিল্লা-১০ আসনের প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি আপিল শুনানিতে অনুপস্থিত ছিলেন। তবে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখা হয়েছে।

 

আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল

ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আপিল করা হলেও তিনি মনোনয়নপত্র জমার শেষ দিন ২৯ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব বাতিলের আবেদন ও প্রয়োজনীয় ফি জমা দেওয়ায় ইসি আপিলটি নামঞ্জুর করে।

 

ফলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতায় আর কোনো বাধা রইল না।

 

মনোনয়নপত্র বাছাই ও দলভিত্তিক চিত্র

এর আগে বিএনপি, জাতীয় পার্টি (জাপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল মোট ২ হাজার ৯১টি মনোনয়নপত্র জমা দেয়। স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে জমা পড়ে আরও ৪৭৮টি মনোনয়নপত্র।

 

৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন এবং বৈধ ঘোষণা করা হয় ১ হাজার ৮৪২টি। বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে প্রায় ৩৫০টি ছিল স্বতন্ত্র প্রার্থীদের।

 

দলভিত্তিকভাবে বিএনপির ২৭ জন, জামায়াতে ইসলামীর ৯ জন, জাতীয় পার্টির ৫৭ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

 

নির্বাচনের তফশিল

তফশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর