মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না, কমিশনের কাছ থেকে সবাই ন্যায্য বিচার পাবেন : সিইসি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৫৯ সময় দেখুন

ঢাকা, ০৮ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাসী এবং কমিশনের কাছ থেকে সবাই ন্যায্য বিচার পাবেন।

 

তিনি বলেন, “যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, তাদের আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে, অর্থাৎ একটি লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে।”

 

সিইসি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ। প্রতিটি আবেদন গুরুত্ব সহকারে যাচাই-বাছাই করে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা ইসিতে এসে আপিল আবেদন জমা দিচ্ছেন। কেউ নিজের মনোনয়ন ফিরে পাওয়ার জন্য, আবার কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে আবেদন করছেন।

 

ইসি জানিয়েছে, আগামী শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। এরপর ১০ জানুয়ারি (শনিবার) থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি (রবিবার) পর্যন্ত। এরই মধ্যে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

 

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব আবেদন নিষ্পত্তি করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর