রাঙ্গামাটি, ০৪ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ”রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, পক্ষপাতিত্ব এবং ছাত্রীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে এবং সংশ্লিষ্ট শিক্ষকদের অপসারণের দাবিতে আজ রোববার (৪ জানুয়ারি) রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সকাল থেকেই শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের সড়ক এবং আসামবস্তী-তবলছড়ি সড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান গ্রহণ করে। এসময় তারা বিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
আন্দোলনরত ছাত্রীদের দাবি, বিদ্যালয়ের নির্দিষ্ট চারজন শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সাথে অপেশাদার আচরণ করে আসছেন। তাদের প্রধান অভিযোগগুলো হলো:
শিক্ষকদের পছন্দের তালিকায় না থাকলে বা তাদের কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে অনুত্তীর্ণ (ফেল) করে দেওয়া হয়।
পাঠদান বা বিদ্যালয়ের যেকোনো অনিয়ম নিয়ে প্রশ্ন তুললেই ছাত্রীদের ওপর চড়াও হন ওই শিক্ষকরা। এমনকি শিক্ষার্থীদের গায়ে হাত তোলার মতো ঘটনাও নিয়মিত ঘটছে বলে অভিযোগ তাদের।
প্রতিবাদ করলে স্কুল থেকে বের করে দেওয়া বা ভবিষ্যতে ফলাফল বিপর্যয়ের ভয় দেখানো হয়।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, “আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, মার খেতে বা কারো ব্যক্তিগত আক্রোশের শিকার হতে নয়। পছন্দের ছাত্রী না হলে ফেল করিয়ে দেওয়া হবে—এমন বৈষম্য আমরা মেনে নেব না। ওই চার শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
বিক্ষোভের সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন এবং বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় ছিল।
এই ঘটনায় সাধারণ অভিভাবক মহলেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply