মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

এই মুহূর্তে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা আমাদের কাছে মুখ্য,  জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপি সম্পূর্ণ প্রস্তুত : রিজভী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ সময় দেখুন

কুড়িগ্রাম, ০৫ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের সরদার পাড়ায় নিজ বাসভবনের কাছে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা আমাদের কাছে মুখ্য। বড় ধরনের বা বিপর্যয়কর সংকট তৈরি না হলে সরকার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপি সম্পূর্ণ প্রস্তুত।

 

এর আগে, সকালে কুড়িগ্রাম পৌঁছে স্থানীয় সরদারপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রিজভী। নামাজ শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন তিনি। দোয়া শেষে সাংবাদিকরা নির্বাচন, খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করলে এসব বিষয়ে তার অবস্থান তুলে ধরেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

 

খালেদা জিয়ার বিদেশ যাওয়া কিংবা তারেক রহমানের দেশে না ফেরার বিষয়টি নির্বাচনকে প্রভাবিত করতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘এই মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা আমাদের কাছে মুখ্য। বড় ধরনের বা বিপর্যস্তকর সংকট তৈরি না হলে যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছে— রমজানের পূর্বেই নির্বাচন; বিএনপি সেই নির্বাচনে অংশ নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ব্যাপারে আমরা এখনো অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ।’

 

তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট হাসিনার কোনো নির্যাতনই খালেদা জিয়াকে দমাতে পারেনি। জেল-নির্যাতন, মিথ্যা মামলা, নিপীড়ন— সবকিছু উপেক্ষা করেও তিনি দৃঢ়তার সঙ্গে জনগণের পক্ষে থেকেছেন। আজ তার এই অসুস্থতার জন্য দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ দোয়া করছে, আন্তর্জাতিক মহল থেকেও বার্তা আসছে।’

 

রিজভী আরও বলেন, ‘আজ যেন সারা বাংলাদেশের আকাশ কাঁদছে, বাতাসে রোনাজারি। নদীর স্রোতেও যেন আমরা মানুষের আকুলতা শুনতে পাচ্ছি। সারা দেশের মানুষ যে ভালোবাসা নিয়ে দোয়া করছে— আল্লাহ নিশ্চয়ই দেশনেত্রীকে সুস্থতা দেবেন।’

 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কি না— এ প্রশ্নে রিজভী বলেন, ‘যার মা কঠিন অসুস্থ, তিনি এখন সেটাই ভাববেন নাকি অন্য কিছু? এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। তিনি যখন মনে করবেন, উপযুক্ত সময় এসেছে— তখনই দেশে ফিরবেন। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্ত।’

 

দেশে বড় ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক সংকট তৈরি না হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে পুনর্ব্যক্ত করেন রিজভী। তার ভাষায়, ‘বড় কোনো বিপর্যয়কর অবস্থা না হলে রমজানের আগেই সরকার ঘোষিত সময়ে যে নির্বাচন অনুষ্ঠিত হবে— বিএনপি তাতে অংশ নিতে প্রস্তুত। মাঠপর্যায়ে সব প্রস্তুতি আমাদের সম্পন্ন।’

 

বিএনপির এই কেন্দ্রীয় নেতার সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ যুবদল ও ছাত্রদলের নেতারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর